২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। এবার মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে আগের নম্বরের পরিবর্তে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের বছরগুলোতে এসএমএসের মাধ্যমে ফল জানতে ১৬২২২ নম্বরে বার্তা পাঠানোর নিয়ম ছিল। তবে এবার পরিবর্তন করে নতুন নম্বর নির্ধারণ করা হয়েছে।
যেভাবে এসএমএসে ফল জানবেন
এসএমএসের মাধ্যমে ফল জানতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখে বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএসটি হবে:
HSC DHA 123456 2026
বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
অনলাইনেও জানা যাবে ফল
এসএমএস ছাড়াও শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানা যাবে। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের কার্যালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি ফল সংগ্রহের সুযোগ থাকবে না।
আজ বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

