বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর ব্যবসায়িক অংশীদার ও বন্ধু শাহরিয়ার রেজা দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরিবারের আগ্রহ না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করবে নৌ পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে পিবিআই সূত্রে জানা গেছে।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। শুক্রবার তাঁকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যায় তদন্ত দল। সেখানে তুরাগ নদসংলগ্ন ২৯ নম্বর সীমানা পিলার এলাকার মাঠে কী ঘটেছিল, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির নম্বরপ্লেট ছিল না। সেটি তাহসিফের কি না, তা নিশ্চিত হতে কাগজপত্রসহ অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে যা বললেন দীপ
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। দীপের ভাষ্য অনুযায়ী, ধাওয়াকারীদের দুজনের পরনে পুলিশের ইউনিফর্ম ছিল।
তিনি দাবি করেন, তাঁদের দেখে তাহসিফ দৌড় দেন এবং একপর্যায়ে নদীতে ঝাঁপ দেন। আর দীপ বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে ছিলেন। পরে সেখান থেকে চলে যান।
তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের দেওয়া বক্তব্য ও উদ্ধার করা মোটরসাইকেলের বিষয়ে তদন্তসংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।

