মিশরে পর্যটকবাহী বাস ও ভারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানী কায়রোর সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, কায়রো-আসিউত ওয়েস্টার্ন ডেজার্ট রোডের ৫৫ কিলোমিটার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ২৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এএফপির এক সংবাদদাতা জানান, দুর্ঘটনার পর মহাসড়কটি পরিষ্কারের কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। ক্রেন দিয়ে দুমড়েমুচড়ে যাওয়া বাসটি সরানো হয়। বাসটির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এবং ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল আসন ও অন্যান্য ধ্বংসাবশেষ।
আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিরা গিজার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
মিশরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ ও আইন প্রয়োগের ঘাটতিকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় দেশজুড়ে প্রায় ৬ হাজার মানুষ নিহত হন।
এর আগে গত মাসে সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১০ জর্ডানীয় পর্যটকসহ ২২ জন নিহত হন। আগস্টে উত্তর মিশরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান।
সূত্র: এরাব নিউজ

