Wednesday, November 4

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে গাড়িচাপায় আব্দুর রহিম (৬৩) নামে এক বাংলাদেশি বাবা নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার বিকেলে ওয়ারেন শহরের টেন মাইল এলাকার অরনারে নিজ বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন আব্দুর রহিম। বাসার ড্রাইভওয়ে থেকে গাড়ি সামনে নেওয়ার কথা ছিল। কিন্তু ভুল করে তাঁর মেয়ে গাড়িটি রিভার্স গিয়ারে চালু করেন। এ সময় গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা আব্দুর রহিমের ওপর গাড়িটি উঠে যায়।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ৯১১ নম্বরে ফোন করেন। খবর পেয়ে ওয়ারেন ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির নিচ থেকে আব্দুর রহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানিয়েছেন, দুর্ঘটনার পর আব্দুর রহিমের মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার চেষ্টা করেন। তবে স্বজনদের সতর্কতায় তা ঠেকানো সম্ভব হয়। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। তাঁর নাম প্রকাশ করা হয়নি।

আব্দুর রহিম ২০১৯ সালে উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এর আগে তিনি ঢাকার ধানমন্ডিতে বসবাস করতেন। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তানের বাবা ছিলেন। তাঁর একমাত্র ছেলে বাংলাদেশে থাকেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মিশিগানের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply


Math Captcha
+ 44 = 54