রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানের আধুনিকায়ন শেষে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় তিনি আধুনিকায়ন করা উদ্যান ও স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়েছে। জুলাইয়ের শহীদ ও আন্দোলনের বীর যোদ্ধাদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।
পুলিশ হেডকোয়ার্টারের বিপরীতে অবস্থিত উদ্যানটির মূল ফটক দিয়ে প্রবেশ করলেই বাম পাশে রয়েছে লেক। উদ্যানের মাঝখানে নির্মাণ করা হয়েছে ফোয়ারা। দর্শনার্থীদের জন্য রয়েছে আধুনিক লাইব্রেরি, জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া। লাইব্রেরির নিচে আন্ডারগ্রাউন্ডে জাদুঘর নির্মাণের জন্যও জায়গা রাখা হয়েছে।
উদ্যানের মাঝামাঝি স্থানে নির্মিত হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। এর চারপাশ পাকা করা হয়েছে। স্টিলের পাতের ওপর খোদাই করা হয়েছে জুলাইয়ের শহীদদের নাম। রেলিংয়ের ভেতরের অংশে স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র।
স্মৃতিস্তম্ভের সামনে রয়েছে কয়েকটি প্রতীকী কবর। এসব কবরের পাশ দিয়ে তৈরি করা হয়েছে হাঁটার পথ বা ওয়াকওয়ে। পুরো স্থাপনাটি জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে।

