Wednesday, October 21

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রিমান্ডে যাওয়া অপর দুজন হলেন শাহরিয়ার মাহমুদ (৬০) ও মো. শাহ আলম ওরফে অনিক (৪৭)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছিল। তাঁকে ২৮ সেপ্টেম্বর পশ্চিম মাটিকাটা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল আমিন তিন আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দেয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত, কথিত অবৈধ অস্ত্র ও লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার বিস্তারিত জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর রাতে প্রায় ৫০ জনের একটি দল দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রোপার্টিজ প্রকল্প এলাকায় প্রবেশ করে হামলা চালায়। এ সময় গুলি ছোড়া, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে। প্রকল্পের ভেতরে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মামলার এজাহারে দাবি করা হয়েছে, হামলায় প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন। নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা ও বিভিন্ন সরঞ্জামসহ মালামাল লুটের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। এতে প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় কয়েকজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

তবে হামলার পেছনের কারণ এবং মামলায় যাদের নাম এসেছে তাদের প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Leave A Reply


Math Captcha
+ 78 = 79