Saturday, April 18

রাজশাহীতে আসা-যাওয়ার পথে ট্রেন যখন গর্জে ওঠে, তখন রেললাইনের জয়েন্টে কাঁপন ধরে। ফিস প্লেটে লাগানো নাটবল্টু কম থাকায় চলন্ত ট্রেনে যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি কিলোমিটারের (২৫৮/১ থেকে ২৫৯/০) ৫৯টি জয়েন্টে থাকার কথা ২৩৬টি নাটবল্টুর মধ্যে বাস্তবে আছে মাত্র ১৮৯টি।

উত্তরপাশের ৩১টি জয়েন্টে ২২টি, দক্ষিণপাশের ২৮টি জয়েন্টে ২৫টি নাটবল্টু ঘাটতি দেখা গেছে। কিছু জয়েন্টে মাত্র একটি বা দুটি নাটবল্টু থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দক্ষিণে এবং উত্তরে নতুনভাবে তৈরি হওয়া জয়েন্টেও বেশিরভাগ জায়গায় তিনটি করে নাটবল্টু কম।

সরেজমিনে দেখা গেছে, নাটবল্টু নেই এমন জয়েন্টে লোহার তার বা পলিথিনের দড়ি দিয়ে ফিস প্লেট আটকে রাখা হয়েছে। রেলওয়ের চাবিম্যানরা জানিয়েছেন, অনেক জয়েন্টে নাটবল্টু নেই। অফিসে অভিযোগ জানালেও যথাযথ সরবরাহ হয় না, এবং থাকা নাটবল্টুর মানও দুর্বল, যা বারবার টাইট করলে প্যাঁচ কেটে যায়।

ব্রিজ এলাকায় চারটি জয়েন্ট থাকলেও পশ্চিমপাশের দুই জয়েন্টে নেই তিনটি করে নাটবল্টু, ফলে ট্রেনের জন্য ঝুঁকি বাড়ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ডিভিশনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বীরবল মন্ডল জানিয়েছেন, নাটবল্টুর সংকট রয়েছে, তবে ডিমান্ড অনুযায়ী পর্যায়ক্রমে তা সরবরাহ ও স্থাপন করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
57 − = 50