Sunday, November 29

আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা খাপ খাওয়াতে না পারলে প্রতি বছর সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু একাডেমিক শিক্ষা অর্জন করলেই হবে না; এর পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে। এসব দক্ষতার অভাব শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের অন্যতম কারণ। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও কর্মসংস্থান উপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০টির বেশি কলেজের অধ্যক্ষরা দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একজন অধ্যক্ষ শুধু প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন, তিনি একাডেমিক নেতৃত্বের কেন্দ্র এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম কারিগর। শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে তাঁদের মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সময় দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবাইকে নিয়ে শিক্ষাব্যবস্থা নতুন করে সাজাতে হবে। শিক্ষা খাতকে আধুনিক ও সময়োপযোগী করতে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা ও ফাইভজি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগৎকে দ্রুত বদলে দিচ্ছে। এসব প্রযুক্তির কারণে কিছু প্রচলিত পেশা বিলুপ্ত হওয়ার ঝুঁকি তৈরি হলেও নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও সৃষ্টি হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা মানুষকে শক্তি দেয়, আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যে রূপান্তর করে। লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার মতো। অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করাই সাফল্যের মূল চাবিকাঠি। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন জরুরি।

Leave A Reply


Math Captcha
67 − = 63