Monday, November 23

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার পবিত্র রমজান মাস শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ সম্ভাব্য তারিখের কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

হিজরি বর্ষপঞ্জি চন্দ্রবর্ষের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। পরদিন থেকে শুরু হবে রোজা। তবে চাঁদ দেখা না গেলে রমজান শুরুর তারিখ পরিবর্তিত হতে পারে।

রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের মাধ্যমে ইবাদতে বিশেষ গুরুত্ব দেন।

Leave A Reply


Math Captcha
− 3 = 1