প্রতারণার মামলায় কারাগারে থাকা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার বিকেল ৫টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্বে) মো. নজরুল ইসলাম বলেন, ‘সব কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর বিদিশাকে মুক্তি দেওয়া হয়েছে।’
এর আগে গত রোববার বিদিশার করা জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মাসুদ মিয়া।
আইনজীবী মাসুদ মিয়া জানান, বিদিশার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা বিচারাধীন নেই। ফলে হাইকোর্টের জামিন আদেশের পর তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।
ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২৬ আগস্ট বিদিশাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় বিদিশা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলাটি ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোশাররফ হোসেন দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, বাদী ঢাকার মিরপুর-১০ এলাকার স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী।

