
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরবর্তী জায়গা বালু দিয়ে ভরাটের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভরাট কার্যক্রম বন্ধ করে ৩ হাজার ফুট পাইপ ও দুটি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর এলাকায় তিতাস নদীর পূর্ব তীরে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন।
তথ্য সূত্রে জানা গেছে, তিতাস নদীর তীরঘেঁষা প্রায় ১০ থেকে ১৫ কানি জমিতে এনসিপি নেতা আজিজুর রহমান লিটনের একটি ইটভাটা ছিল। দীর্ঘদিন পরিত্যক্ত থাকা ওই স্থানে বর্ষা মৌসুমে পানি জমত এবং শুষ্ক মৌসুমে স্থানীয় বাসিন্দারা সেটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করতেন।অভিযোগ রয়েছে, গত এক মাস ধরে ভেকু দিয়ে জমির চারপাশে মাটি তুলে বাঁধ নির্মাণ করা হয়। এরপর গত সাত দিন ধরে বিভিন্ন স্থান থেকে নৌকাযোগে ড্রেজারের মাধ্যমে বালু এনে জায়গাটি ভরাট করা হচ্ছিল।

উপজেলা প্রশাসন জানায়, বাংলাদেশ পানি আইন, ২০১৩ অনুযায়ী নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে তীরবর্তী প্লাবনভূমি বা ফোরশোর ভরাট দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী নদীর অববাহিকা, প্রাকৃতিক জলাধার ও তীরবর্তী এলাকার শ্রেণি পরিবর্তন বা ভরাট নিষিদ্ধ। অভিযানকালে ভরাট কার্যক্রম বন্ধ করে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ৩ হাজার ফুট পাইপ ও ২টি ড্রেজার মেশিন ভেঙে বিনষ্ট করা হয়। এ সময় আজিজুর রহমান লিটন ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার ম্যানেজার জাফর ইমাম জরিমানার অর্থ পরিশোধ করেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
